ড. এম. এ. হাকিম

ড. এম. এ. হাকিম জনপ্রিয়ভাবে ড. নিম হাকিম নামে পরিচিত, কারণ তিনি গত ৪৮ বছর ধরে নিম (Azdirachta indica) গবেষণা ও উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন । তিনি যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস (সমাজ কল্যাণ) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া থেকে পারমাকালচার ও ইকো-ভিলেজ ডিজাইন, পারমাকালচার কনসালট্যান্ট কোর্স, ইকোলজিক্যাল টাউন প্ল্যানিং এ উচ্চতর কোর্স সম্পন্ন করেন এবং অ্যাডভান্সড পারমাকালচার ডিজাইন কোর্স সম্পন্ন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে হারবালিস্ট কোর্স এবং বাংলাদেশে আয়ুর্বেদ অধ্যায়ন করেছেন।

তিনি ঔষধি গাছ ও ভেষজ নিয়ে বহু গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে – ঔষধি উদ্ভিদের বাণিজ্যিক চাষাবাদ , প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহার, বাংলাদেশের ঔষধি উদ্ভিদের ক্যাটালগ, এবং বাংলাদেশ হারবাল ফার্মাকোপিয়া।

তিনি আন্তর্জাতিক সমন্বিত ভেষজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (ICIHRD) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি এন্ড পারমাথেরাপি  (IINP) প্রতিষ্ঠা করেছেন।

বাংলাদেশের রাজবাড়ী জেলার বহরপুরে শান্তি মিশনে তিনি বিরল ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ নিয়ে একটি মাদার গার্ডেন প্রতিষ্ঠা করেছেন, যা বিশ্বের প্রথম ও একমাত্র ঔষধি উদ্ভিদের জিন ব্যাংক ও এই কমপ্লেক্সে রয়েছে দেশের একমাত্র বায়ো ব্যাংক ও ইকো পন্ড । 

তিনি নিম, অ্যালোভেরা, রোজেলি, মোরিঙ্গা, ননী এবং আরও অনেক মূল্যবান ঔষধি উদ্ভিদ ও ভেষজ থেকে ২৫০ টিরও বেশি হারবাল ফর্মুলেশন উদ্ভাবন করেছেন।

তার এই ঔষধি উদ্ভিদের জিন ব্যাঙ্ক প্রতিষ্ঠা, গবেষণা, উদ্ভাবন ও সংরক্ষণের জন্য তিনি প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার (প্রথম স্থান) অর্জন করেছেন।

তিনি পারমাথেরাপি (PERMATHERAPY) নামক একটি স্থায়ী চিকিৎসা বিজ্ঞান ও পদ্ধতির উদ্ভাবক, যা বাংলাদেশ সরকারের কপিরাইটপ্রাপ্ত।

তিনি গ্লোবাল নিম অর্গানাইজেশন (GNO) থেকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল নিম রত্ন’ পুরস্কার অর্জন করেছেন।

বর্তমানে তিনি ওয়ার্ল্ড নিম অর্গানাইজেশন (WNO)-এর ভাইস চেয়ারম্যান এবং পরিচালক এশিয়ার দায়িত্ব পালন করছেন।